মিকি আর্থারের সঙ্গে চুক্তি ছিন্ন করার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটমহলে পরবর্তী হেড কোচ হিসেবে মিসবাহ-উল-হকের নাম ঘোরাফেরা করছে। সরফরাজদের পরবর্তী হেড কোচ কে হবেন তা-নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া না-হলেও আপাতত সেই দৌড়ে এগিয়ে দেখাচ্ছে মিসবাহকে।
পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে কোচিং স্টাফ হিসাবে চুক্তি করা না হলেও পিসিবি জাতীয় দলের আসন্ন ক্যাম্পের জন্য দায়িত্ব তুলে দিয়েছে মিসবাহর হাতে।
সোমবার থেকে লাহোরে পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসবে ১৭ দিনের জাতীয় ক্যাম্প। এই ক্যাম্প পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে মিসবাহকে। ১৭ দিনের ক্যাম্পে কার্যত পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিসবাহ-উল-হক। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৪ জন ক্রিকেটার এবং চুক্তির বাইরে থাকা ৬ জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে এই জাতীয় ক্যাম্প।