‘বিদেশি কোচরা পাকিস্তান ক্রিকেটের উন্নতি করতে পারবে না’

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জন্য বিদেশি কোচ নিয়োগ না দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক টেস্ট ক্রিকেটার সরফরাজ নওয়াজ। তার মতে, বিদেশি কোচ দিয়ে দেশের ক্রিকেটের উন্নতি হবে না।

দৈনিক ডনের সঙ্গে আলাপকালে কোচ নিয়োগ প্রসঙ্গে এসব কথা বলেন সরফরাজ। নিরাপত্তা সমস্যার কারণে বিদেশি কোচরা পাকিস্তানে দীর্ঘদিন কাজ করতে চান না বলে মনে সাবেক এই পেসার।

“বিদেশি কোচরা দীর্ঘ মেয়াদে পাকিস্তানে থাকেন না। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের আসরগুলোতে উপস্থিত থেকে মেধাবী খেলোয়াড়দের যাছাইয়ে শহরগুলোতে যান না।”

“তাছাড়া কোনো বিদেশি কোচ পাকিস্তান ক্রিকেটের উন্নতির উদ্দেশে কাজ করেন না।...এই কারণে আমি মনে করি, প্রতিভাবান কোনো পাকিস্তানিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া উচিত। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ হিসেবেও পাকিস্তানিদের নিয়োগ দেওয়া উচিত।”

মিকি আর্থারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর নতুন কোচের সন্ধানে আছে পিসিবি। হেড কোচ কে হবেন তা-নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া না-হলেও আপাতত সেই দৌড়ে এগিয়ে মিসবাহ-উল-হককে। পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে চুক্তি করা না হলেও জাতীয় দলের আসন্ন ক্যাম্পের জন্য তার হাতে দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি। মিসবাহই আর্থারের উত্তরসূরি হতে পারেন বলে মনে করেন সরফরাজ।