পশ্চিমবঙ্গে সাহিত্য পুরস্কার পেলেন সাদাত হোসাইন

এই সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। কয়েক বছর ধরে একুশে বইমেলায় প্রকাশিত বই-এর বেস্টসেলার তালিকায় থাকছে তার নাম। চলচ্চিত্রকার হিসেবেও রয়েছে সুনাম। এর আগে সিনেমা বানিয়ে পুরস্কারও পেয়েছেন।

সাহিত্যাঙ্গনে তুমুল জনপ্রিয় লেখক হলেও সাদাত হোসাইন সাহিত্যে অবদানের জন্য উল্লেখযোগ্য কোনো পুরস্কারে ভূষিত হননি এর আগে। তবে ১৭ আগস্ট সন্ধ্যার পর সেই দুঃখ ঘুচল সাদাতের। দুই বাংলার জনপ্রিয় লেখক সাদাত হোসাইন আজ ভূষিত হলেন পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কারে।

দেশ রূপান্তরকে সাদাত হোসাইন বলেন, ‘এ আনন্দ সত্যিই অন্যরকম। বলে বোঝাতে পারব না। প্রথমবার সাহিত্যের জন্য কোনো উল্লেখযোগ্য পুরস্কার পেলাম। আমি সত্যিই আনন্দিত।’

সাদাতের কণ্ঠেও খেলে গেল খুশির বান। সাদাত আরও জানালেন আজ সন্ধ্যার দিকে পুরস্কার প্রদানকারীদের পক্ষ থেকে একটি ইমেইল পান। সেই ইমেইলে একটি হাতে লেখা চিঠিতে সাদাতকে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।

১৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাদাতের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় সাদাত শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে পুরস্কার পান।  ২০১৭ সালে তিনি লাভ করে ‘এসবি-এসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’।

এদিকে গত জুলাইয়ে অন্যধারা থেকে প্রকাশিত হয়েছে সাদাতের প্রথম রহস্য উপন্যাস ‘ছদ্মবেশ’। সাদাত জানান, উপন্যাসটি বই আকারে প্রকাশের আগে দৈনিক দেশ রূপান্তরের ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল উপন্যাসটি। এ ছাড়া নতুন নতুন উপন্যাস লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাদাত। এর মধ্যে  কলকাতা-বাংলাদেশ বইমেলায় প্রকাশিত হবে ‘মেঘেদের দিনে’। অন্যগুলো প্রকাশিত হবে ২০২০ সালের বইমেলায়।

সাদাত হোসাইনের জন্ম মাদারীপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করা এই লেখকের প্রকাশিত নির্বাসন, আরশিনগর এবং অন্দরমহল নামের দীর্ঘ কলেবরের উপন্যাস পাঠককে চমকে দিয়েছে। বহু প্রতিভার অধিকারী তিনি একজন আলোকচিত্রীও। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ ও দ্য শ্যুজ জুনিয়র চেম্বার ইন্টারন্যশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।