নোবেলের বিরুদ্ধে তরুণীর অভিযোগ
পশ্চিম বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মধ্য দিয়ে গানের জগতে পা রেখেছেন বাংলাদেশের উদীয়মান শিল্পী নোবেল। কিন্তু এরমধ্যেই নানা বিতর্কিত কান্ডে সংবাদের শিরোনাম হয়েছেন একাধিকবার। সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে বিতর্কের পর এবার এক তরুণীর গুরুতর অভিযোগের তীর তার দিকে! যা নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়। পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদপত্রে ফলাও করে প্রকাশ পেয়েছে সেই খবর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এখন সেই সম্পর্ক অস্বীকার করছেন নোবেল এমন অভিযোগ করেছেন গোপালগঞ্জের এক তরুণী। সম্প্রতি ফেইসবুকে লম্বা একটি স্ট্যাটাসে এসব কথা জানান সেই তরুণী। নোবেলের শাস্তির দাবিও জানান। সেখানে নোবেলের কিছু ব্যক্তিগত ছবিও ফাঁস করা হয়। যদিও সেই আইডিটি এখন ফেইসবুক থেকে উধাও! তবে তার আগেই সেই পোস্ট এখন ভাইরাল! এমন অভিযোগ ওঠার পর নোবেলের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নোবেলের এই সংকট মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করে যাচ্ছেন তার ভক্তরা।
ভারতপ্রেমে মন দিয়েছেন মিকা!
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের শত্রুতা এখন প্রকাশ্যে। এমনি সময়ে ভারতীয় শিল্পী হয়ে পাকিস্তানে গান করতে গিয়ে নিজ দেশেই নিষিদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক মিকা সিং। ওই ঘটনার পর নিজের ক্যারিয়ার নিয়ে বেশ বিপাকে পড়েছেন মিকা। সেই সঙ্গে রাষ্ট্রীয় দৃষ্টিতেও তার ওপর ‘রেড সিগন্যাল’ রয়েছে বলে শোনা যাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে নিজেকে দেশপ্রেমিক সাজানোর নানা চেষ্টা করে যাচ্ছেন এই গায়ক। ভারতবাসীর মন জয় করতে পারছেন না তিনি। প্রথমে স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট আটারি সীমান্তে হাজির হন মিকা সিং। সেখানে গিয়ে ‘ভারত মাতা কি জয়’ বলে সেøাগান দিতে শুরু করেন। সীমান্তে যখন স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছে, সে সময় সেøাগান দিতে শুরু করেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। কিন্তু তার সেই সেøাগানকে ভালোভাবে গ্রহণ করেনি ভারতীয়রা। বরং অনেকে তাকে লজ্জাহীন বলে কটাক্ষ করছেন। বলিউডে নিষিদ্ধ হওয়ার পর মহারাষ্ট্রের বন্যা দুর্গতদেরও পাশে দাড়ান মিকা। দুর্গতদের জন্য পাঁচ লাখের অনুদান দেন এই কণ্ঠ তারকা। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে একযোগে বন্যা দুর্গতদের জন্য ৫০টি নতুন বাড়ি তৈরি করে দেবেন। তাতেও নিভছে না ভারতীয়দের মনের আগুন। কিছুতেই তারা এ ধরনের পরিস্থিতিতে মিকা সিংয়ের পাকিস্তান যাওয়াটা মেনে নিতে পারছেন না।
পিটার ফন্ডা আর নেই
না ফেরার দেশে চলে গেছেন বিখ্যাত মার্কিন অভিনেতা পিটার হেনরি ফন্ডা। ৭৯ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সালের ইজি রাইডার চলচ্চিত্রের নির্মাতা এবং সহ-লেখক ছিলেন। এমনকি তিনি দর্শক কাঁপানো এই রোড ফিল্মে অভিনয়ও করেছিলেন। গত ১৬ আগস্ট হাস্যোজ্জ্বল থাকা অভিনেতার মৃত্যু হয়েছে। পরিবারের একটি বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন পিটার ফন্ডা। একপর্যায়ে তিনি শ্বাসকষ্টের ঝুঁকিতে পড়েন। শেষ পর্যন্ত তিনি নিজের লস অ্যাঞ্জেলসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬৯ সালে ইজি রাইডার চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় অভিনেতা ডেনিস হপারের। সহশিল্পী হিসেবে পিটার ফন্ডা ও টেরি সাউদার্থ সিনেমাটির গল্প রচনা করেছিলেন। ১৯৪০ সালের ২৩ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেন পিটার হেনরি ফন্ডা।
শুভেচ্ছা জানিয়ে বিপাকে এশা
গত ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিনেই দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান ‘মিস ইন্ডিয়া’র খেতাব জয় করা বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। আর যায় কোথায়! ব্যাপক সমালোচনার মুখে পড়লেন এশা। প্রশ্নবাণে বিদ্ধ হতে থাকেন তিনি। স্বাধীনতা দিবসে আচমকাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে এশা নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। আর এরপরই ট্রোলের মুখে পড়েন তিনি। প্রশ্ন উঠেছে তার ‘মিস ইন্ডিয়া’ খেতাবপ্রাপ্তি নিয়েও। অজ্ঞতার জন্য বেশ কঠোর ভাষাতেই আক্রমণের শিকার হন এ অভিনেত্রী। ফিরতি টুইটে কেউ কেউ তাকে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের ব্যবধানও বুঝিয়ে দিয়েছেন। অবশ্য সমালোচনা থেকে রেহাই পেতে কৌশল অবলম্বন করেছেন এ অভিনেত্রী। সব দোষ চাপিয়ে দিয়েছেন হ্যাকারদের ওপর। এশা জানান, তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। হ্যাকারই এই বিতর্কিত পোস্টের হোতা। কেউ যেন সে টুইট আর রিটুইট না করেন, এমন আবেদনও জানান এশা। তবে তার এ আবেদন কতটুকু ফলপ্রসূ হবে, সেটিই এখন দেখার বিষয়।
আইয়ুব বাচ্চু ও হাসানের গান নিয়ে জন
তিন গানের অ্যালবাম (ইপি) প্রকাশ করছে জনপ্রিয় গায়ক-অভিনেতা জন কবিরের ব্যান্ড ইনডালো। গত জুনে এসেছিল ‘নতুন খামে পুরনো চিঠি’ নামের সেই অ্যালবামের প্রথম গান ‘১৯৯৬’। আর গত ১৬ আগস্ট অবমুক্ত হয়েছে দ্বিতীয় গান ‘মিথ্যা’। দুটোই প্রকাশ হয়েছে ইনডালো মিউজিক নামের ইউটিউব চ্যানেলে। ব্যান্ডটি জানায়, ‘১৯৯৬’ গানটি এলআরবির আইয়ুব বাচ্চুর ‘কিছু চাইব না’ ও আর্কের হাসানের গাওয়া ‘সুইটি’ গান থেকে তৈরি। গান দুটি ১৯৯৬ সালে প্রকাশ হয়। তাই নতুন গানটির নাম রাখা হলো ‘১৯৯৬’। অন্যদিকে ‘মিথ্যা’ গানটি ২০০২ সালে ব্ল্যাক ব্যান্ডের প্রথম অ্যালবামে প্রকাশ হয়েছিল। সেটিই নতুন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে এবার। জন কবির বলেন, ‘পুরনো কিছু ভালোলাগার গান থেকে অ্যালবামটি তৈরি করছি। আমরা এখনো জানি না তৃতীয় গানটি কোনটা হবে। একটু সময় নিয়ে কাজটি করব। তবে সেটিও হবে পুরনো জনপ্রিয় গানের সূত্র ধরেই।’ আপাতত কনসার্ট নিয়েই ব্যান্ডের ব্যস্ততা বলে জানালেন এই গায়ক।
সবচেয়ে ‘সুদর্শন পুরুষ’ হৃতিক
শুধু অভিনয়দক্ষতাই নয়, হৃতিক রোশনের আকর্ষণীয় চেহারা আর ফিটনেস ভক্তকুলে তুমুল জনপ্রিয়। আর তার জনপ্রিয়তা শুধু বলিউডেই নয়, বিশ্বজুড়ে। বলিউডের ‘গ্রিক গড’খ্যাত এই নায়ক নারীকুলে ‘ক্রাশ’! মার্কিন এক সংস্থার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের বহু তারকাকে টপকে ‘মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন হৃতিক রোশন। ক্রিস ইভানস, ডেভিড বেকহাম, রবার্ট প্যাটিনসন ও ওমর বোরকান আল গালাকে টপকে শীর্ষে উঠেছেন এ অভিনেতা। অবশ্য পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় এবারই প্রথম নন হৃতিক রোশন। একটি সূত্র জানিয়েছে, ‘সম্প্রতি এই অভিনেতা বিশ্বের সেরা পাঁচ সুদর্শন পুরুষকে টপকে গেছেন। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সুপার থার্টি’র সাফল্যে তুঙ্গে রয়েছেন তিনি, যদিও সেই সিনেমায় শিক্ষকের ভূমিকায় দেখা গেছে।’
আগামীতে হৃতিক রোশনকে টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন সিনেমায় দেখা যাবে। এ সিনেমায় ফের শরীর-সুষমা উন্মুক্ত করবেন হৃতিক।
এই লুকের গোপন রহস্য কী? এমন জিজ্ঞাসার জবাবে অবশ্য হেসে উঠলেন হৃতিক রোশন। বললেন, ‘ওহ এটা ব্রকলির কারণে। মজা করলাম! এই অভিধার জন্য ধন্যবাদ, যদিও এটা সত্যিকারের অর্জন নয়।’ হৃতিক আরও বলেন, ‘ভালো চরিত্র’ একমাত্র মানুষকে অধিক আকর্ষণীয় করে তোলে।