এজবাস্টনের পর লর্ডসেও স্টিভেন স্মিথের বীরত্ব দেখল ক্রিকেট বিশ্ব। দলের বাজে অবস্থায় একপ্রান্তে কি দুর্দান্তই না খেললেন। জফরা আর্চারের বাউন্সারে আহত হলেও দারুণভাবে টেনে নিলেন দলকে। তাতে প্রথম ইনিংসে ৮ রানের বেশি লিড পায়নি ইংল্যান্ড।
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শনিবার ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করেছে ৪ উইকেটে ৯৬ রানে। প্যাট কামিন্স ও পিটার সিডল দুটি করে উইকেট নিয়েছেন। স্মিথ, কামিন্স ও সিডলময় দিনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেই দিন শেষ করেছে অজিরা।
আগের দিনের ৪ উইকেটে ৮০ রান চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৩ রানে দিন শুরু করা স্মিথকে সঙ্গ দিতে পেরেছেন কেবল টিম পেইন ও প্যাট কামিন্স। তিনজনই বল ছেড়ে খেলে সফল। স্মিথ অ্যাশেজে টানা সাত ইনিংসে ফিফটি ছোঁয়া স্কোর করে ইতিহাস গড়েন।
শেষ পর্যন্ত ক্রিস উকসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৬১ বলে ৯২ রান করেন স্মিথ। ১৪ চারে সাজান নিজের ইনিংস। পেইন ২৩ ও কামিন্স করেন ২০ রান।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই হারায় জোড়া উইকেট। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম দুই বলেই জেসন রয় ও জো রুটকে তুলে নেন কামিন্স। রয় ২ রান করেন। অধিনায়ক রুট রানের খাতাই খুলতে পারেননি।
এরপর ররি বার্নসকে নিয়ে জো ডেনলির প্রতিরোধ। যেটি ভাঙেন সিডল। ২৬ রান করা ডেনলি ও ২৯ রান করা বার্নসকে ফিরিয়ে দেন। ৭১ রানে ৪ উইকেটে হারানো ইংল্যান্ডের হয়ে লড়ছেন এখন বেন স্টোকস ও জস বাটলার। প্রথম জন ১৬ ও পরের জন ১০ রান নিয়ে রবিবার নতুন দিনের খেলা শুরু করবেন।
সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়া।