২৬৮ রানের লক্ষ্য। চতুর্থ ইনিংসে এই রানা তাড়া করা যে খুব সহজ তা বলা যাবে না। তবে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মজবুত অবস্থানে থেকেই চতুর্থ দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।
শনিবার দিনের খেলা শেষ করার আগে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১৩৩ রান যোগ করেছে শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমানে কোনো সুযোগ দেননি কিউই বোলারদের। রবিবার শেষ দিনে জয়ের জন্য আর ১৩৫ রান প্রয়োজন স্বাগতিকদের।
শনিবার দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৮৫ রানে। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার টার্গেট দাঁড়ায় ২৬৮।
স্পিনাররা শুরু থেকেই গলের উইকেটে সুবিধা পাচ্ছেন। তবে উইকেটে টিকে থাকলে যে রান করা সম্ভব তা দেখালেন লঙ্কান দু’ওপেনার। চতুর্থ দিনে তারা ৫০ ওভার খেলে থাকলেন অবিচ্ছেদ্য। শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এরই মধ্যে নিজেদের করে নিয়েছেন করুনারত্নে-থিরিমানে।
তৃতীয় শেসনে ১৮ ওভার খেলার পর আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। দিন শেষে করুনারত্নে ৭১ ও থিরিমানে ৫৭ রানে অপরাজিত আছেন।
তার আগে ৭ উইকেটে ১৯৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ও সমারভেলের ৪৬ রানের জুটি ভাঙে দলীয় ২২৪ রানে।
ওয়াটলিং ফেরেন ৭৭ রানে। এরপর ট্রেন্ট বোল্ট ২৪ এবং আজাজ প্যাটেল ফেরেন ১৪ রানে। শেষ পর্যন্ত সমারভেল অপরাজিত ছিলেন ৪০ রানে।
শ্রীলঙ্কান বোলারদের মধ্যে এম্বুলদেনিয়া ৪ ও ধনঞ্জয়া ডি সিলভা নেন ৩ উইকেট।