বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার ও ভারতীয় রুপিসহ এক আন্তর্জাতিক নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। তার কাছ থেকে ৪০ হাজার ৪ শ মার্কিন ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলার এবং ভারতীয় রুপির মূল্য বাংলাদেশি মুদ্রায় ৪৯ লাখ ৯৪ হাজার টাকা।
শনিবার রাত দশটায় আমড়াখালী চেকপোস্টে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় ঢাকাগামী দেশ ট্রাভেলস এর বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া বেগম (৫০) নামে ওই নারীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুরাইয়া বেগম ঢাকার উত্তরার তুরাগের মো. শাহ আলমের স্ত্রী। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা (পিএসসি) জানান, ঈদের লম্বা ছুটিতে ভারতে ভ্রমণ শেষে বাংলাদেশি নাগরিকগণ দেশে প্রত্যাবর্তনের সময় সৃষ্ট ভিড়ের আড়ালে অসাধু চোরাকারবারিরা হুন্ডি, মাদক ও স্বর্ণ পাচার করতে পারে এই ধারণা থেকে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এর ফলশ্রুতিতে চালানো তল্লাশি অভিযানে সুরাইয়া বেগম নামে এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরাইয়া বেগম জানান যে তিনি নিয়মিত ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সৌদি আরবে যাতায়াত করে। ইতিমধ্যেই তিনি ভারতে প্রায় ১২ বার, মালয়েশিয়ায় ৭-৮ বার, সিঙ্গাপুরে ৬-৭ বার এবং সৌদি আরবে ২-৩ বার যাতায়াত করেছেন। তিনি মূলত স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত। তিনি ভারতে স্বর্ণ পাচার করে পেমেন্ট নিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবির অভিযানে ধরা পড়েন।