মানিকগঞ্জের সাটুরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার রাতে ছাত্রীর বাবা থানায় মামলা করলে পুলিশ রবিবার সকালে ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠায়।
আদালত ধর্ষকের জামিন না মঞ্জুর করে রবিবার বিকেলে জেলহাজতে প্রেরণ করেন।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার শরিফুল ইসলাম দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। সে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া গ্রামের বাসিন্দা।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম বলেন, শরিফুল এক কলেজছাত্রীর (১৭) সঙ্গে প্রেমের সম্পর্ক করে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। শনিবার শরিফুল ছাত্রীকে এক আত্মীয়ের বাড়িতে ফুসলিয়ে নিয়ে যায়। পরে মেয়েটির বাবা গ্রামবাসীকে বিষয়টি জানায়। তারা শরিফকে আটক করে পুলিশে খবর দেয়।
ওই ছাত্রীর বাবা জানান, প্রেমের সম্পর্ক গড়ার পরও বারবার অনুরোধ সত্ত্বেও শরিফুল বিয়েতে রাজি হচ্ছিল না।
পুলিশ জানায়, শনিবার বিকেলে সাটুরিয়া থানা পুলিশ শরিফুলকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে কলেজছাত্রীর বাবা ছাত্রলীগ নেতাকে প্রধান আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতে পাঠায়।