আগের স্ত্রী-সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করেছিলেন রাজশাহীর মোহনপুরের মিরাজ হোসেন (২৮)। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত। শেষ পর্যন্ত দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়েছেন। আর এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন মিরাজ। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনের মামলা হওয়ায় পুলিশ মিরাজকে গ্রেপ্তার করেছে। সে ঢাকায় গার্মেন্টসে চাকরি করত বলে পুলিশকে জানিয়েছে।
ভুক্তভোগী ওই নারী তার সাবেক
স্বামী মিরাজ হোসেনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে ভুক্তভোগী ওই নারীর করা মামলায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার মিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, স্ত্রী-সন্তান থাকলেও দুই বছর আগে উপজেলার হরিহরপুর গ্রামে আরেকটি বিয়ে করেন উপজেলার শ্যামপুর হাট মনোপাড়া গ্রামের মিরাজ। এ নিয়ে সংসারে বিবাদ লেগেই থাকত। মিরাজ তার দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। প্রায় দুই মাস আগে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দেন।
তালাকের নোটিশ পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিরাজ। মুঠোফোনে প্রায়ই বিরক্ত করতেন। সর্বশেষ গত ৫ আগস্ট মিরাজ তার দ্বিতীয় স্ত্রীর কয়েকটি নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। এ নিয়ে শনিবার রাতে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে রাতেই মিরাজকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, মিরাজের মুঠোফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।