বগুড়ায় ৪ সহযোগীসহ এক ব্যক্তিকে আটকের পর রাজধানীর মিরপুরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, আটক ফারুক মিয়া (২৫) মিরপুরে বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করে আসছিল। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
বগুড়া ডিবির পরিদর্শক আসলাম আলী জানান, ১৬ আগস্ট শহরের চারমাথা এলাকা থেকে ৩ হাজার ৫০০ ইয়াবাসহ চারজনকে আটক করে তারা। পরে তাদের আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণকীরপাড়ার আবদুস সালামের ছেলে ফারুক ঢাকার মিরপুরে ভাড়া বাসায় আরও ইয়াবা রাখার কথা স্বীকার করে। তিনি বলেন, গত শনিবার ডিবির একটি টিম ফারুককে নিয়ে রাজধানীর মিরপুর-১-এর মধ্যপাইকপাড়া এবিসি ভিলা নামক ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮টি প্যাকেটে থাকা ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করে।