ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে এফটিএ চায় বাংলাদেশ

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে আগ্রহী বাংলাদেশ। এর মাধ্যমে চারটি দেশের ৩০ কোটি ক্রেতার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চায় সরকার। এই চার দেশের বাণিজ্যিক কোট মারকোসুরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের জিডিপির আকার প্রায় চার ট্রিলিয়ন ডলার। এই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশগুলোতে বাংলাদেশের বিদ্যমান রপ্তানির পরিমাণ খুবই সামান্য। তাই এ অঞ্চলে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি বাড়াতে চায় সরকার। তবে পোশাক রপ্তানির ওপর ১৪ শতাংশ শুল্কারোপ রয়েছে। সে কারণে রপ্তানি প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ওই শুল্ক হার কমানো বা শূন্যে নামিয়ে আনা সম্ভব হলে বাংলাদেশের রপ্তানি বাড়বে। এ বিষয়ে আলোচনা করতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল গত শনিবার রওনা দিয়েছে। ২৫ আগস্ট মন্ত্রী দেশে ফিরবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।