৯ দিন বন্ধ থাকার পর গতকাল দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল, দিনাজপুরের হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও সাতক্ষীরার ভোমরাসহ সকল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বিল্লাল হোসেন জানান, গতকাল সকালে ভারতের মোহদীপুর স্থলবন্দর থেকে সাড়ে ১০টার দিকে পেঁয়াজ, পাথরসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক বন্দরে আসতে শুরু করে। বন্দর সূত্র জানায়, এদিন বিকেল পর্যন্ত প্রায় ২৫০ ট্রাক পণ্য বন্দরে প্রবেশ করেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা ৯ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। গতকাল রবিবার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানির পাশাপাশি পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। তবে ঈদের আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই-একদিন সময় লাগবে। ৯ দিন বন্দরের ভেতরের সব কার্যক্রমসহ আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই বন্দরে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।