আগের স্ত্রী-সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করেছিলেন রাজশাহীর মোহনপুরের মিরাজ হোসেন (২৮)। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত। শেষ পর্যন্ত দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়েছেন। আর এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেন মিরাজ।
এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ায় পুলিশ মিরাজকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে। মিরাজ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন বলে পুলিশকে জানিয়েছেন। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, দ্বিতীয় স্ত্রী সংসারে থাকা অবস্থায় মুঠোফোনে ছবিগুলো তোলা হয়েছিল। এসব ছবি নিয়ে মিরাজ তার স্ত্রীকে ‘জিম্মি’ করে রাখার চেষ্টা করতেন। শেষ পর্যন্ত তিনি ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেন। মিরাজের মুঠোফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।