শিশুকে ধর্ষণের অভিযোগে চা-দোকানি আটক

চট্টগ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সোহেল (১৮) নামে এক চা-দোকানিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহরের ভরা পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার শুলকবহর এলাকার ভরা পুকুরপাড় এলাকায় সোহেলের চায়ের দোকানে আসে ৫ বছর বয়সী এক শিশু। সেখান থেকে ওই শিশুকে সোহেল তার চায়ের দোকানের অদূরে ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে গত শনিবার সন্ধ্যার দিকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। শিশুটির জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত সোহেলকে তার চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।