সিটি পয়েন্ট হারানোয় লিভারপুলের সুবিধা

ডিসিশন রিভিউ সিস্টেম বিতর্ক, সার্জিও আগুয়েরোর সঙ্গে পেপ গার্দিওলার বাগ্বিত-া, ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচেই ড্র। এত কিছুর পরও টটেনহ্যামের সঙ্গে ম্যানচেস্টার সিটির ড্র-তে আলোচনাটা অন্য লড়াই নিয়ে। শনিবারের ম্যাচে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে ম্যানসিটি। প্রায় আট মাস পর ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট হারাল সিটিজেনরা। এতে মূল আলোচনা হচ্ছে লিভারপুলের সঙ্গে তাদের দ্বৈরথ নিয়ে। গত মৌসুমে শিরোপাজয়ী সিটির সঙ্গে লিভারপুলের দূরত্ব ছিল মাত্র ১ পয়েন্ট। এবার মৌসুমের শুরুতেই সিটির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেল অলরেডরা।

ম্যাচের ইনজুরি সময়ে গ্যাব্রিয়েল জেসুসের গোল ভিএআর প্রযুক্তিতে বাতিল হয়। এই গোলটি হলে ৩-২ ব্যবধানে জিতে যেত সিটি। জয়সূচক গোল মনে করে ততক্ষণে বিজয় উল্লাস শুরু করে দিয়েছিল ইতিহাদ স্টেডিয়াম। কিন্তু ভিএআর রিভিউতে দেখা যায় জেসুস বল জালে পাঠানোর আগে সিটি ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তের হাতে লাগে বল। তাই হ্যান্ডবলের নতুন নিয়ম অনুযায়ী গোল বাতিল হয়। এ যেন গত এপ্রিলকে ফিরে দেখা। চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচেও প্রতিপক্ষ ছিল ম্যানসিটি ও টটেনহ্যাম। ওই ম্যাচেও শেষ মুহূর্তে ভিএআরে বাতিল হয় সিটির জয়সূচক গোল, যা শেষ পর্যন্ত দলটির চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

শনিবার প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর ম্যাচটিতে ৩ গোল হয়ে যায় প্রথমার্ধেই। প্রথম ম্যাচের হ্যাটট্রিকম্যান রহিম স্টারলিংয়ের হেড থেকে ২০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কেভিন ডি ব্রুইনে দারুণ দক্ষতায় ডানপ্রান্ত থেকে বল ভাসান টটেনহ্যাম পোস্টের বামপ্রান্তে। সেখান থেকেই দারুণ দক্ষতার সঙ্গে হেডে গোল করেন স্টারলিং। প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ তুলে ৩ মিনিটের মধ্যে ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করে এরিক লামেলা স্পার্সদের সমতায় ফেরান। ৩৫ মিনিটে সিটিকে আবারও এগিয়ে দেওয়ার নায়ক ডি ব্রুইনে। এবার তার অ্যাসিস্ট থেকে গোল করেন সার্জিও আগুয়েরো। এরপর বিরতির পর ৫৬ মিনিটে লামেলার কর্নার কিক থেকে লুকাস মউরা হেডে গোল করে টটেনহ্যামকে আবারও ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই থামে দুই দল।

এদিকে ম্যাচের ৬৬ মিনিটে আগুয়েরোর সঙ্গে সাইডলাইনে পেপ গার্দিওলার উত্তপ্ত বাক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই সময় আগুয়েরোকে তুলে নেন গার্দিওলা, যা হয়তো মানতে পারেননি আর্জেন্টিনা তারকা। তা নিয়ে মাঠ থেকে বের হওয়ার পর গার্দিওলাকে কিছু বলেছিলেন। ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে গার্দিওলা কোনো রকম বাজে সম্পর্কের কথা উড়িয়ে দেন। জানান, এটা কেবলই সাময়িক ভুল বোঝাবুঝি ছিল। আগুয়েরোকে সে বেশ ভালোবাসেন। তাদের মধ্যে সুসম্পর্কই আছে।

সিটির এই ড্রয়ে পোয়াবারো লিভারপুলের। দিনের অপর ম্যাচে লিভারপুল ২-১ গোলে সাউদাম্পটনকে হারিয়ে তালিকার শীর্ষস্থান নিশ্চিত করে। এ জয়ে প্রিমিয়ার লিগে টানা ১১তম ম্যাচ জিতল অলরেডরা। সাদিও মানে চলতি বছর নিজের ২০ গোল পূর্ণ করেন আর অপর গোলটি করেন রবার্তো ফিরমিনো।