দিল্লির ফিরোজ শাহ কোটলায় হচ্ছে ‘বিরাট কোহলি স্ট্যান্ড’

১৮ অগাস্ট ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির পা রাখার দিন। জীবনের অন্যতম স্মরণীয় দিনে দারুণ এক উপহার পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তার নামে নামকরণ করা হচ্ছে, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম!

শনিবার বিরাটকে এই উপহার দেওয়ার কথা ঘোষণা করে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসেয়েশন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় একটি স্ট্যান্ডের নাম হবে ‘বিরাট কোহলি স্ট্যান্ড’। সব থেকে কমবয়সী ভারতীয় ক্রিকেটার হিসাবে কোহলি এই সম্মান পেতে চলেছেন। ১২ সেপ্টেম্বর ‘বিরাট কোহলি স্ট্যান্ড’র উদ্বোধন হবে।

২০০৮ সালের ১৮ অগাস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন কোহলি। সেই ম্যাচে অবশ্য তিনি বড় রান পাননি। মাত্র ১২ রানে আউট হয়েছিলেন।

গত ১১ বছরে কোহলি অনেক বদলেছেন। আছেন টিম ইন্ডিয়ার নেতৃত্বে। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। সেইসঙ্গে একদিনের ক্রিকেটে কোহলি এখন ৪৩টি সেঞ্চুরির মালিক। একদিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা সর্বোচ্চ ৪৯টি। মাস্টার ব্লাস্টারের এই রেকর্ড ছোঁয়া বিরাটের কাছে এখন স্রেফ সময়ের অপেক্ষা।