১০ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের (চতুর্দেশীয়) একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর চালু হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় কর্মচঞ্চল হয়ে উঠেছে স্থলবন্দরটি।

পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহেদি হাসান খান বাবলা জানান, ‘চার দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও শ্রমিক সংগঠনগুলোর যৌথসভায় ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ৯ আগস্ট থেকে ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সোমবার সকাল থেকে আবার চার দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্র্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উজারউদ্দিন জানান, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও মানুষ পারাপারের কার্যক্রম (ইমিগ্রেশন চেকপোস্ট) স্বাভাবিক ছিল।’