ফরিদপুরে আদালতে ঢুকে মুহুরিকে পিটিয়ে জখম

ফরিদপুরে জজ কোর্টে ঢুকে এক মুহুরিকে (আইনজীবীর সহযোগী) পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫টার দিকে জেলা ও দায়রা জজ কোর্টের নিচতলার পশ্চিম পাশের বারান্দায় এ ঘটনা ঘটে।

আহত মুহুরিকে ফরিদপুর বিকেল সোয়া ৫টায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই মুহুরির নাম হাসান শেখ (৪১)। তিনি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামের মৃত এম এ রাজ্জাক মহুরির ছেলে।

হাসান শেখ ফরিদপুর জজ কোর্টের আইনজীবী এম এ হান্নানের সহযোগী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মুহুরি হাসান শেখ জজ কোর্টের নিচতলার পশ্চিম পাশের বারান্দায় পেশাগত কাজ করছিলেন। ওই সময় কোর্ট চত্বর এলাকার দালাল ও চায়ের দোকানদার শহরের অম্বিকাপুর এলাকার বাসিন্দা মুরাদ দেওয়ান (৪৮) ও তার ছেলে আকাশ দেওয়ানসহ (২১) সাত-আটজন জিআই পাইপ দিয়ে মুহুরি হাসানকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এর ফলে হাসানের মাথা ফেটে যায়। এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।

উপস্থিত জনতা আকাশ দেওয়ানকে আটক করতে পারলেও হামলাকারীরা বাবা মুরাদ পালিয়ে যায়। পরে আকাশকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ও দায়রা জজ তার গাড়িতে করে আহত হাসানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম নাসিম বলেন, চায়ের দোকানদার মুরাদের সঙ্গে ওই মুহুরির টাকাপয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত ছেলে আকাশকে আটক করা হয়েছে। তবে হামলাকারী বাবা মুরাদ পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।