বাণিজ্যযুদ্ধ ঠেকাতে ট্রাম্পকে বশে আনছেন অ্যাপল প্রধান

চীনা পণ্যে শুল্কারোপ মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। নাছোড়বান্দা ট্রাম্প এতদিন বিষয়টি নিয়ে জেদ ধরে রেখেছিলেন।

কুক ট্রাম্পকে বলেছেন, চীনের পণ্যে শুল্ক বসানোয় দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং লাভবান হবে। কারণ অন্য প্রতিষ্ঠানের পণ্যের দাম বাড়লেও তাদের বাড়বে না।

ট্রাম্প সোমবার নিজেই কুকের সঙ্গে আলাপের বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘কুক ভালো একটি বিষয় তুলেছেন। আমি ভেবে দেখছি।’

আগস্টের শুরুতে ট্রাম্প ঘোষণা দেন ৩০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে ১ সেপ্টেম্বর থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।

চীনের সঙ্গে ট্রাম্পের এই লড়াই এখন আলোচিত ইস্যু। আমেরিকার বড় বড় ব্যবসায়ী এতদিন তাকে থামাতে পারেননি। তার কথা শুনে এখন মনে হচ্ছে ‘পথে’ ফিরছেন।

নিউ জার্সি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কুকের যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই বিষয়টি নিয়ে ভাবছি।’

কুক গত জুলাইতে বলেছিলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে পারি না, তবে আশাবাদী মানুষ। আশা করি দুই দেশ শান্ত হয়ে এই লড়াই দ্রুত থামাবে।’