কারফিউর মধ্যে খোলা স্কুল, কোথাও কেউ নেই

ভারত শাসিত কাশ্মীরে কারফিউ পুরোপুরি এখনো ওঠেনি। এর মধ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থী নেই বললেই চলে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বড় শহর শ্রীনগরে দুশোর মতো স্কুল খুলে দিয়েছেন তারা। কিন্তু সাংবাদিকেরা অনেক স্কুলে গিয়ে শিক্ষার্থীদের পাননি।

অভিভাবকেরা বলছেন, নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন।

ব্যাপক নিরাপত্তা আয়োজন সত্ত্বেও বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে সেখানে বিক্ষোভ হচ্ছে এবং প্রায়ই তা সহিংস রূপ নিচ্ছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

তিন দশক ধরে এই কাশ্মীরে চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, যাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

সম্প্রতি টেলিফোন লাইন কিছুটা চালু হলেও বিক্ষোভ বেড়ে যাওয়ার পটভূমিতে মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট এখনো বন্ধ আছে।

বিবিসি বলছে, এমন পরিস্থিতিতে অভিভাবকেরা তাদের সন্তানদের স্কুলে দেয়ার পরিবর্তে বাসায় রাখতেই স্বস্তি পাচ্ছেন, বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক চালু না হওয়া পর্যন্ত।

একজন স্কুল শিক্ষক জানিয়েছেন, এ ধরনের অনিশ্চিত অবস্থায় তারা শিক্ষার্থীদের স্কুলে আশা করেন না।