পাকিস্তানে একটি বিয়ের আসরে গান পরিবেশন করে ভারতে নিষিদ্ধ হয়েছেন মিকা সিং। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে দেশ-বিদেশে বয়কট করা হয় মিকার অনুষ্ঠান।
শুধু তাই নয়, মিকার সঙ্গে কেউ কাজ করলে, তাকেও নিষিদ্ধ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
সংস্থাটি জানায়, বলিউডের যে পরিচালক কিংবা অভিনেতা মিকার সঙ্গে কাজ করবেন, চোখ বন্ধ করে তাকে নিষিদ্ধ করা হবে। শুধু তাই নয়, সালমান খানও যদি এই গায়কের সঙ্গে কাজ করেন, তাহলে তাকেও বয়কট করা হবে।
সালমানের ভাই সোহেল খানের প্রতিষ্ঠান ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। যার জন্য সালমানের পাশাপাশি বলিউডের একাধিক গায়ক- গায়িকা ও অভিনেতাদের সঙ্গে চুক্তি করা হয়েছে।
ওই তালিকায় রয়েছে মিকার নাম। বিষয়টি জানাজানি হওয়ার পরই এ বিষয়ে মুখ খোলে দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত মন্তব্য করেননি ভাইজান।