সোনালী, রূপালীর এমডি বদল

রাষ্ট্রায়ত্ত তিন বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের আরও তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে অগ্রণী ব্যাংকের এমডিকে স্বপদে রাখা হলেও পরস্পরের মধ্যে দপ্তর বদল করে দেওয়া হয়েছে সোনালী ও রূপালীর এমডির। গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এক সংক্রান্ত আদেশ ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। তিনটি পৃথক আদেশ জারি করে মন্ত্রণালয় বলেছে রূপালী ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধানকে তিন বছরের চুক্তিতে সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে সোনালী ব্যাংকের এমডি ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আর অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ সামস-উল ইসলামকে একই ব্যাংকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৬ সালের ১৬ আগস্ট এই তিন ব্যাংকার ব্যাংক তিনটির এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। চলতি আগস্টেই তাদের মুক্তির মেয়াদ শেষ হয়েছে।  ব্যাংক তিনটির সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণ কমানো ও মুনাফা বৃদ্ধিতে সফলতার প্রেক্ষাপটে তাদের আরও তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পাঠানো আদেশ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কাছে পৌঁছার পর ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরিচালনা পর্ষদ তাদের নতুন করে নিয়োগ দেবে। 

এর আগে গত ৪ জুলাই ব্যাংক তিনটিতে এমডি নিয়োগে সার্চ কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর জারি করা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর পর্যন্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া যাবে।