আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিন জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অসন্তুষ্টির কথা বলেছিলেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এবার কথা বললেন শ্রীলঙ্কান কিংবদন্তি বোলার চামিন্দা ভাস।
বাংলাদেশ ইমার্জিং টিমের (এইচপি) বিপক্ষে খেলতে শ্রীলঙ্কা ইমার্জিং দল এখন ঢাকায়। দলটার কোচ হিসেবে এসেছেন সাবেক পেসার চামিন্দা ভাস। এরই মধ্যে একটি ম্যাচও খেলে ফেলেছে দুই দল।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের তাই ভাস দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের এই তরুণদের নিয়ে বলতে গিয়েই ভাস গুরুত্ব দিলেন ফিটনেসের ব্যাপারে।
৪৫ বছর বয়স ভাস বলেন, ‘আমি অনেক স্কিল এবং প্রতিভা দেখছি। তাদের ফিটনেসে উন্নতি করা প্রয়োজন। শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কার ক্রিকেটারদের ক্ষেত্রেও একই কথা বলব। তারা তরুণ, ২১ বা ২২ বছর বয়স ওদের। তাদের ফিটনেস লেভেল উন্নতি করতে হবে।’
ভাসের দলের কাছে বাংলাদেশ ইমার্জিং টিম প্রথম ম্যাচটা হেরেছে খুব বাজে ভাবে। রবিবার ১৮৬ রানে হারে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। বুধবার দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কা জিতে গেলে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই জিতে যাবে।
সিরিজে এগিয়ে থাকলেও ভাস অবশ্য প্রতিপক্ষের ব্যাপারে বেশ সচেতন, ‘এটা সম্পূর্ণ আলাদা একটা খেলা। সব দলই সামনে এগোতে চাইবে। আমি নিশ্চিত তারা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। তারা কোনো কিছুই হালকা ভাবে নিচ্ছে না। সেরা দলটাই সিরিজ জিতবে।’
নিজের দল নিয়ে বললেন, ‘ছেলেরা এখানে বেশ উপভোগ করছে। ভালো হোমওয়ার্কও করেছে। আমি নিশ্চিত ছেলেরা দ্বিতীয় ওয়ানডেতে সেটা বাস্তবায়ন করতে পারবে। মাঠে গিয়ে পারফর্ম করাটা শুধু তাদের ওপরই নির্ভর করে। শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য ভালো দিক হবে খেলাটা উপভোগ করা।’