মুম্বাইয়ের দায়িত্ব ছাড়লেন জয়াবর্ধনে, দিল্লির কোচ হলেন ভাস

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

আইপিএলে আসন্ন নতুন আসরকে সামনে রেখে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ড্রেসিংরুম ও কোচিং প্যানেল। আর সেই পরিবর্তনের ঢেউয়ে লাইমলাইটে উঠে এসেছেন শ্রীলঙ্কান ক্রিকেটের দুই মহাতারকা ও কিংবদন্তি, মাহেলা জয়াবর্ধনে এবং চামিন্দা ভাস। 

দীর্ঘ এক দশকেরও বেশি সময় মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্য ও ব্যর্থতার অন্যতম কান্ডারি হিসেবে থাকার পর ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জয়াবর্ধনে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়ে আইপিএলে প্রথমবারের মতো ডাগআউট সামলানোর নতুন মিশনে নামছেন সাবেক লঙ্কান পেসার চামিন্দা।

তিনটি আইপিএল শিরোপা এনে দেওয়া সফল লঙ্কান ব্যাটার জয়াবর্ধনে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত মুম্বাইয়ের প্রথম মেয়াদে কোচের ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে গ্লোবাল হেড অব পারফরম্যান্সের দায়িত্ব সামলে ২০২৫ সালে আবারও প্রধান কোচের দায়িত্বে ফেরেন তিনি। তবে ২০২৬ সালের আসরে মুম্বাই পয়েন্ট তালিকার নয় নম্বরে থেকে আসর শেষ করার পর গত আগস্টে ফ্র্যাঞ্চাইজিটির রিভিউ মিটিংয়ে যৌথ সিদ্ধান্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

ক্রিকইনফোর এক প্রতিবেদন বলছে, তরুণ কোচদের নতুন চিন্তা-ভাবনাকে সুযোগ দিতেই সানন্দে এই পদ ছেড়েছেন তিনি। আজ শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে প্রকাশিত এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জয়াবর্ধনে বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের একটি বিশেষ অংশ হয়ে ছিল। আমরা একসাথে কিছু স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি, চ্যালেঞ্জ অতিক্রম করেছি এবং এমন কিছু গড়ে তুলেছি যা নিয়ে আমরা সবাই গর্বিত হতে পারি। বছরের পর বছর ধরে অটল বিশ্বাস, সমর্থন ও বন্ধুত্বের জন্য আমি নীতা আম্বানি ও আকাশ আম্বানিকে আন্তরিক ধন্যবাদ জানাই। যৌথ অর্জনের চরম তৃপ্তি নিয়ে আমি বিদায় নিচ্ছি।’ 

এদিকে লঙ্কান এই মাস্টারমাইন্ডের বিদায়ের খবরের মাঝেই সাবেক সতীর্থ চামিন্দা ভাসকে কেন্দ্র করে নতুন চমক আনলো দিল্লি। শ্রীলঙ্কার হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৭৫০টিরও বেশি উইকেটের মালিক ৫২ বছর বয়সী এই লঙ্কান পেস বোলিং গ্রেটকে তারা ২০১৭ আসরের জন্য ফাস্ট বোলিং কোচ হিসেবে ঘোষণা করেছে।

দিল্লি পুরো কোচিং প্যানেলটাই ঢেলে সাজাচ্ছে। এর মাধ্যমে প্রধান কোচ সৌরভ গাঙ্গুলী এবং নতুন সহকারী কোচ যুবরাজ সিংয়ের সঙ্গে দিল্লির নতুন রূপের সাপোর্ট স্টাফে যোগ দিলেন ভাস। অতীতে ডেকান চার্জার্সের হয়ে খেলোয়াড় হিসেবে ১৩ ম্যাচে ১৮ উইকেট নেওয়ার অভিজ্ঞতা থাকা ভাস ইতোমধ্যে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন বেশ সফলতার সাথেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত