স্বজনের জানাজায় গিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সহোদর দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ছোট ভাই শামসুল মুসলিমীন মতিকে (৫৪) আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত বড় ভাই আলী আজগর মোস্তফা মুকুল (৬২) পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের হারুন-অর-রশীদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুকুল ঢাকায় বসবাস করেন। অন্যদিকে ছোট ভাই মতি ওরফে কেজি মতি বাড়িতে থাকেন।

একই গ্রামের তাদের স্বজন রাসেল মিয়া (৩৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। রাসেলের নামাজে জানাজা ও দাফনে অংশ নিতে ঢাকা থেকে ব্যবসায়ী মুকুল বাড়িতে আসেন।

বুধবার তার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে জমির হিস্যা নিয়ে ছোট ভাই মতির সঙ্গে মুকুলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ছোট ভাই মতি ঘরে থাকা ছুরি দিয়ে বড় ভাই মুকুলকে এলোপাতাড়ি আঘাত করে। এতে মুকুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক ছোট ভাই মতিকে আটক করে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।