বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়েছে ভারতের একটি হেলিকপ্টার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই ফ্লাইটে তিনজন কর্মকর্তা ছিলেন।
ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার মোরি থেকে মোলডি যাওয়ার পথে কপ্টারটি ভেঙে পড়ে। মঙ্গলবার বিকেলে উত্তরকাশীতে বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়। উত্তরকাশীর ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এখন পর্যন্ত গোটা জেলায় ১৬ জন বন্যায় প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার সানেল গ্রাম থেকে বেশ কয়েকটি দেহ উদ্ধার করা হয়।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগ ত্রাণ সরবরাহ করেছে। এছাড়া রয়েছে স্থানীয়দের বিশেষ দল।
ত্রাণ সরবরাহের প্রধান সমন্বয়কারী বলেন, রবিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। জেলার মাকুড়ি গ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অনেক বাড়ি ভেঙে পড়ছে। এছাড়া রাজ্যের আরাকোট, মাকুড়ি, মোলডা, সানেল, তিকোচি ও দ্বিচানু জেলার পরিস্থিতিও ভয়াবহ।