‘অবৈধ’ নিয়োগ বাতিলে মানববন্ধন

সিরাজগঞ্জের ২৯টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ‘অবৈধ’ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম। গতকাল বুধবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়র মুজিব সড়কে এ মানববন্ধন হয়। সিরাজগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম আয়োজিত এ মাবনবন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসেম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাতাব করিম, রংপুর বিভাগের সভাপতি আবদুল কাদের, সিরাজগঞ্জ জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক পলাশ কুমার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ২০১০ সাল থেকে আমরা বিনা বেতনে ন্যাশনাল ওয়েবপোর্টাল, এমআইএস ডেটাবেইস তৈরিসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজ করে আসছি। অথচ আমাদের বাদ দিয়ে জেলার ২৯টি ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় বক্তারা ওই নিয়োগ বাতিল করে ডিজিটাল সেন্টার পরিচালকদের চাকরি স্থায়ীকরণের জোর দাবি জানান।