মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলুল হক বেপারির সঙ্গে একই এলাকার আওয়ামী লীগ নেতা গেন্দু কাজীর বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গতকাল সকালে গেন্দু কাজীর লোকজন ফজলু বেপারির লোকজনের ওপর হামলা করে। পরে উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।