টেস্ট স্পেশালিস্ট তকমাটা তার গায়ে লেগেছে অনেক আগেই। যদিও মুমিনুল হক চান সব ফরম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করতে। বাংলাদেশ টেস্ট ম্যাচ খুব নিয়মিত খেলে তাও নয়। মুমিনুলকে তাই বারবার বিরতি দিয়ে নামতে হয় মাঠে দেশের হয়ে।
মুমিনুল অবশ্য বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েই সামনে এগোচ্ছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে এসে জানালেন মানসিক দৃঢ়তা দিয়েই নিজেকে সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েছেন। এদিকে সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। টেস্ট কম খেলা বাংলাদেশের জন্য, যা ইতিবাচক হবে বলে মনে করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শুরু করবে নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের শুরুতেই রয়েছে এক ম্যাচের টেস্ট সিরিজ। ভারত সিরিজের আগে যা ভালো প্রস্তুতির ক্ষেত্র হবে বলে মনে করেন মুমিনুল, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে একটা টেস্ট ম্যাচ খেলা আমাদের সবার জন্য ভালো একটা সুযোগ।’
সাদা পোশাকে দর্শকদের আগ্রহ যখন ক্রমেই কমতির দিকে, তখন টেস্ট চ্যাম্পিয়নশিপকে সবাই দেখছেন ইতিবাচক ভাবে। বাংলাদেশের জন্যও যা বেশ ইতিবাচক হবে বলে মত মুমিনুলের। বললেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। কারণ আপনারা জানেন আমাদের দেশে টেস্ট খেলাটা অত বেশি ফোকাস হয় না। ওই দিক দিয়ে চিন্তা করলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ভালো হয়েছে।’
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গেল মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে। ছয় মাসের বিরতি দিয়ে ফের টেস্ট মিশনে নামার পালা। মাঝে আয়ারল্যান্ড সফর, বিশ্বকাপ বা শ্রীলঙ্কা সফর গেছে। মুমিনুল ছিলেন না কোনোটিতেই। রঙিন পোশাকে যে তাকে কার্যকর মানা হয় না।
মুমিনুলের তাই ডাক পড়ে শুধু টেস্ট এলেই। বারবার এই যে বিরতি পড়া। মুমিনুল কীভাবে মানিয়ে নেন নিজেকে? ছোটখাটো গড়নের এই ব্যাটার বলেন, ‘দেখেন, আমি বরাবরই বলেছি এই জায়গাটা মেন্টালি অনেক টাফ হতে হয়। আশা করি আমার সেরকম বেশি প্রবলেম হবে না। কারণ জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে। কয়েক দিন আগে ভারতে চার দিনের ম্যাচ খেলেছি কয়েকটি। যখন খেলার মধ্যে থাকা হয়, তখন জিনিসটা সহজ হয়ে যায়। জিনিসটা আমি যেভাবে নেই- আমি যদি মনে করি কঠিন, তাহলে কঠিন হবে। আমি যদি মনে করি সহজ তাহলে সহজ হবে।’
মুমিনুলকে অবশ্য ঘরোয়া ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায়। সাদা বলে অনুশীলনও করেন নিয়মিত। তবে কি রঙিন পোশাকে ফেরার জেদ থেকেই আলাদা কিছু করছেন? মুমিনুল বলেন, ‘আমি আপাতত সেভাবে চিন্তা করছি না। টেস্ট ক্রিকেটের জন্য সব সময় বসে থাকলে হয় না। যে সব জায়গায় উন্নতি করা দরকার সেসব জায়গায় উন্নতি করার জন্য আমি হয়তো অতিরিক্ত প্র্যাকটিসগুলো করি।’
‘আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে আমি যদি একটা ভালো এভারেজ নিয়ে যাই, বিপিএল বা অন্যান্য টুর্নামেন্টে যদি ভালো অবস্থানে যাই, তাহলে হয়তো একটা সুযোগ (অন্য ফরম্যাটে) আসবে।’- যোগ করেন মুমিনুল।