গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কক্সবাজারের পেকুয়ায় প্রবাসী স্বামীর সাথে ঝগড়ার জেরে গলায় ফাঁস লাগিয়ে রোজিনা আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার  দুপুর ১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একই এলাকার মোক্তার আহমদের ছেলে সৌদি প্রবাসী মো. ফরিদ প্রকাশ উলামিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, একই ইউনিয়নের মিয়ার পাড়া এলাকার আব্দুল মোনাফের মেয়ে রোজিনা আক্তারের সাথে বিয়ে হয় মো. ফরিদের। তাদের সংসারে তিনটি মেয়ে সন্তান রয়েছে। বছর পাঁচেক আগে মো. ফরিদ সৌদি আরব যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

রাজাখালী ইউপি চেয়ারম্যান মো.  ছৈয়দ নূর বলেন, প্রতিবেশী ও নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি বুধবার রাতে প্রবাসী স্বামীর সাথে ঝগড়া হয় গৃহবধূ রোজিনা আক্তারের। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ঘরের চালের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।