বরিশালে বাসায় ঢুকে এক তরুণীকে ধর্ষণের পর অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া এক কিশোরীকেও ধর্ষণের ঘটনায় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
বুধবার গভীর রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণ এবং সদ্য এসএসসি পাশ করা কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও ধর্ষণের চিত্র ধারণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকার এক দম্পতির বাসায় কয়েক দিন আগে আশ্রয় নেয় এক তরুণী (২৫)। ওই তরুণীর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় কয়েক বখাটে যুবক বুধবার সন্ধ্যায় আশ্রয়দাতার বাসায় হামলা চালায়। তারা আশ্রয়দাতাকে মারধর করে ঘরের একটি কক্ষে আটকে রাখে। তারা এরপর তরুণীকে ধর্ষণ করে। পরে ওই তরুণীর সঙ্গে আশ্রয়দাতাকে উলঙ্গ করে ভিডিওচিত্র ধারণ করে তারা। তারা ঘরের মূল্যবান মালামাল লুটসহ তরুণীকে নিয়ে যায়।
কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের সঙ্গে যুক্ত ফরিদকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার ওই তরুণীকে উদ্ধার এবং আল আমিন নামে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় তরুণী বাদী হয়ে থানায় ছয়জনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদ ও আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওই তরুণী হাসপাতালের ওসিসিতে পাঠান হয়েছে।
এদিকে বিয়ের প্রলোভনে কুয়েত প্রবাসীর মেয়ে সদ্য এসএসসি পাস এক কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের পর চিত্র ধারণ করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে আরেক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় বখাটে রায়হান হাসান হাওলাদারকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই ফিরোজ আল-মামুন জানান, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কুয়েত প্রবাসীর মেয়ে সদ্য এসএসসি পাস করা কিশোরীর (১৫) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নগরীর বিআইপি কলোনী এলাকার বখাটে রায়হান হাসান হাওলাদারের। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের আলোকচিত্র ধারণ করে বখাটে রায়হান।
এ ঘটনায় বুধবার কিশোরীর নানা ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে রায়হানের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ বুধবার রাত আড়াইটায় নগরীর বিআইপি কলোনী এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে নেয়া হয়েছে বলে জানান এসআই ফিরোজ আল-মামুন।