গুলিবিদ্ধ লাশের পাশে পড়েছিল শুটার গান ও ৫০ পিচ ইয়াবা

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর চরে মুনসুর শেখ (৪৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মুনসুর শেখ মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান।

তিনি বলেন, মুনসুর শেখ শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। মাদক কারবার নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মিজানুর রহমান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। এ সময় মুনসুর শেখ নিহত হলেও তার প্রতিপক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

তিনি বলেন, মুনসুর শেখের বিরুদ্ধে শ্যামনগর থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মাদক মামলা রয়েছে।