এইকালের রাজলক্ষ্মী চরিত্রে জ্যোতিকা, দেখুন ট্রেলারে…

প্রকাশের শতবর্ষ পার হলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ এখনো পড়া হয়। সেই উপন্যাসের রাজলক্ষ্মী ও শ্রীকান্ত চরিত্র দুটি বাঙালি পাঠকের খুবই আপন।

উনিশ শতকের শুরু প্রেক্ষাপটে রাজলক্ষ্মী ও শ্রীকান্তের মান-অভিমান, বোঝাপড়া ও সম্পর্ক কথার মায়াজালে বুনেছিলেন অমর ঔপন্যাসিক। ভাবুন তো, ২০১৯ সালে তাদের রসায়ন কেমন হতো?

এই ভাবনা থেকেই ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য নির্মাণ করেছেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। যার নায়িকা হয়েছেন ঢাকাই শোবিজের প্রিয়মুখ জ্যোতিকা জ্যোতি।

সম্প্রতি প্রকাশ্যে এলো ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-এর ট্রেলার। ছবিতে শ্রীকান্তের ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী। রয়েছেন অন্নদাদিদি। যে চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিকের স্ত্রী অপরাজিতা ঘোষ। হুকুমচাঁদ হয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।

‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-এ আছে গ্রাম বাংলার মাঠ-ঘাট প্রান্তর, খড়কুটো, নদীর মতো আপন বেগে বয়ে চলা সম্পর্ক ও টানাপোড়েন। বাইজি বাড়ি থেকে শহুরে ফ্ল্যাটে রাজলক্ষ্মী-শ্রীকান্তর সংসার পাতার ঝলকও মিলল ট্রেলারে। আছে মাটির গান ও সুরেলা কণ্ঠের মিলমিশ।

সেই অন্যরকম সম্পর্কের গল্প উঠে আসবে জ্যোতিকার অভিনয়ে। চরিত্রের সঙ্গে তার বোঝাপড়া খানিকটা দেখা গেল ট্রেলারে।

রাজলক্ষ্মী চরিত্রে জ্যোতিকা কেন? এই প্রসঙ্গে পরিচালক প্রদীপ্ত ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছবিতে রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে ছোটবেলাতেই এ দেশে চলে আসে। তাই অথেন্টিসিটি বজায় রাখতেই জ্যোতিকা জ্যোতিকে বেছে নেওয়া।”

এর আগে হরিদাস ভট্টাচার্য পরিচালিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। বাংলাদেশে জুটি বেঁধেছিলেন শাবানা ও বুলবুল আহমেদ। এবার সেই চরিত্র চিত্রায়ণে ঋত্বিক-জ্যোতিকা। একেবারে আনকোরা জুটি।

‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ২০ সেপ্টেম্বর।