এক ঝলকে

মুক্তি পাচ্ছে জিতের সিনেমা

সাফটা চুক্তির মাধ্যমে আমদানি করা ছবির ব্যবসা তেমন ভালো নয়। তারপরও একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে আমদানির মাধ্যমে। এরই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা ‘প্যান্থার’। ছবিটি ভারতে মুক্তি পায় গত ১৫ আগস্ট।

সিনেমাটি বাংলাদেশে আমদানি করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা তিতাস কথাচিত্র। প্রযোজনা সংস্থাটির সূত্রে জানা যায়, শিগগিরই সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা পড়বে।

‘প্যান্থার’ জিতের ক্যারিয়ারের ৫০তম সিনেমা। সিনেমাটি প্রযোজনা করেছে জিৎ ফিল্ম ওয়ার্ক। পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। সিনেমাটিতে জিতের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা দাস।

 

দুর্গাপূজায় ‘শাহেন শাহ’

ঢাকার ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান এবার হাজির হয়েছেন ‘শাহেন শাহ’ রূপে। গত ২৫ জানুয়ারি ইউটিউবে উন্মুক্ত করা হয় ‘শাহেন শাহ’ ছবির প্রথম টিজার। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিতে শাকিব খানের দেখা মেলে একদম ভিন্ন লুকে। ছবিটি ১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

এদিকে বেশ কয়েকবার ‘শাহেন শাহ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘শাহেন শাহ’। আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে ছবিটি। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেন শাহ’। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। নতুন নায়িকা হিসেবে এতে অভিষেক হচ্ছে রোদেলা জান্নাতের। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, তারিক আনাম খান ও উজ্জল। ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজিস।

হাজির হলেন ‘মায়াবতী’ তিশা

২২ আগস্ট বৃহস্পতিবার অন্তর্জালে উন্মুক্ত হলো ‘মায়াবতী’ সিনেমার টিজার। দেড় মিনিটের এই টিজার ভিডিওতে উঠে আসে মায়ার জীবনে ঘটে যাওয়া আনন্দ-বেদনার নানা দৃশ্য। দেখা মিলল তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবুসহ প্রধান কুশলীদের অভিনয় নৈপুণ্য।

১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে ছবিটি। আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।

প্রায় ৮০০ নাটকের নির্মাতা অরুণ চৌধুরীর কাহিনী ও চিত্রনাট্যে গত বছর মুক্তি পেয়েছিল ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। সে হিসেবে ‘মায়াবতী’ তার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র।

 

আসছে ৫০০ কোটির ‘রামায়ণ’

থ্রিডি ‘রামায়ণ’-এ কারা অভিনয় করছেন এই নিয়ে জল্পনার শেষ নেই। বলিউডে গুঞ্জন, ওই ছবিতে রাম-সীতার ভূমিকায় দেখা যেতে পারে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি দুই তারকার কেউ-ই।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে, তিনটি ভাগে তৈরি হবে ৫০০ কোটি রুপি বাজেটের ‘রামায়ণ’, যা শ্যুট করা হবে থ্রিডি মোডে এবং রাম-সীতার ভূমিকায় দেখা যাবে হৃতিক ও দীপিকাকে।  খবরটি দুই তারকার ভক্তদের জন্য খুবই খুশির। কারণ, তারা আগে কখনো পর্দা ভাগাভাগি করেননি। কিন্তু পরিচালক নিতেশ তিওয়ারি জানান, এখনো ছবির কাস্টিং নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়নি।  এর আগে একবার শোনা গিয়েছিল ‘বাহুবলি’ তারকা প্রভাসকে দেখা যেতে পারে রামের ভূমিকায়। কিন্তু নতুন গুঞ্জনে হৃতিকের প্রতি জোর বেশি। নিতেশ আরও জানান, ছবিটি তিনি একা পরিচালনা করবেন না, সঙ্গে থাকবেন রবি উদায়ার। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে মধু মন্টেনা, নমিত তিওয়ারির মতো বড় নাম। এদিকে বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে হৃতিকের পরের ছবি ‘ওয়ার’। সঙ্গে আছেন টাইগার শ্রফ ও বাণী কাপুর। অন্যদিকে ‘ছাপাক’ ও ‘৮৩’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা।

 

৪ সন্তানকে নিয়ে কিম কার্দাশিয়ান

হলিউড ব্যক্তিত্ব এবং রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান গত মে মাসে চতুর্থবার মা হওয়ার কথা চাউর করেন। আর এই প্রথমবার সব সন্তানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ওই ছবিতে দেখা যায়, সমুদ্র তীরে বালিতে সময় কাটাচ্ছেন কিম। সঙ্গে আছে চার খুদে নর্থ ওয়েস্ট, সেন্ট ওয়েস্ট, শিকাগো ওয়েস্ট ও সালম ওয়েস্ট। ক্যাপশনে এই তারকা জানান, ছবিটি বাহামায় তোলা। তার ধারণা, তিনটি বাচ্চার সঙ্গে ছবি তোলা খুবই কঠিন ব্যাপার। এখন দেখা যাচ্ছে, সেটি আসলেই অসম্ভব! ছবিটির প্রশংসায় মেতেছেন একাধিক সেলিব্রিটি ও ভক্তরা। শেয়ারও হচ্ছে খুব। কিমের বোন ও রিয়েলিটি শো তারকা ক্লোয়ির মতে, খুবই সুন্দর একটি পরিবার, যেখানে কিমই সবকিছু। সৎবোন মডেল কাইলি জেনার উচ্ছ্বসিত হয়ে বলেন, খুবই সুন্দর!বর্তমানে পরিবার নিয়ে কিম কার্দাশিয়ান ছুটি কাটাচ্ছেন দ্বীপরাষ্ট্র বাহামায়। সমুদ্রতীরে বসে মাখছেন রোদ, বালি দিয়ে গড়ছেন প্রাসাদ, পা ধুয়ে দিচ্ছে নীল জল। আর সবকিছুর সঙ্গে ভারসাম্য রেখে পালন করছেন মাতৃত্বের দায়িত্ব।

কিম অবশ্য বরাবরই সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব। সম্প্রতি মেয়ে শিকাগোর একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, এই শিশু সাপ নিয়ে খেলছে। ক্যাপশনে মেয়েকে সাহসী বলে তারিফ করেন কিম। ২০১২ সালে দীর্ঘদিনের বন্ধু র‌্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে থাকা শুরু করেন কিম কার্দাশিয়ান। ২০১৪ সালের মে মাসে তারা বিয়ে করেন। চার সন্তানের মধ্যে শিকাগো ও সালমের বাবা-মা হয়েছেন গর্ভ ভাড়া করে।