নেত্রকোনার মদন উপজেলায় পৌর শহরে সরকারি ড্রেনের ওপর এক ব্যবসায়ী পোল্ট্রি ব্যবসার দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ব্যবসায়ী জামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, জাহাঙ্গীরপুর সেন্টার নতুন বাজারে পোল্ট্রি ব্যবসায়ী আবদুল বাতেন সরকারি ড্রেনের ওপর দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে সামান্য বৃষ্টি হলেই ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ক্রেতা-বিক্রেতাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। একাধিকবার সরকারি জায়গা থেকে ঘরটি সরানোর জন্য বলা হলেও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
মদন উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগটি তদন্ত করার জন্য সংশ্লিষ্ট তহশিলের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাহাঙ্গীরপুর তহশিল অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ তদন্ত করার জন্য ইউএনও স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন। দ্রুত তদন্ত করে রিপোর্ট পাঠাতে হবে।