গাজীপুরে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত একটার দিকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতদের হামলায় আহত কাভার্ড ভ্যানচালক আবদুল কালাম ও হেলপার আহম্মেদ আলী ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকার ইন্তাজ আলী রাজু, একই এলাকার মো. আরিফ হোসেন, দিঘির চালা এলাকার মো. আল আমিন হুসাইন, একই এলাকার সাজ্জাদ হোসেন ওরফে সজীব, মো. জাকির হোসাইন, সোহাগ মিয়া ও মো. শাকিল মিয়া।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন গতকাল শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আরিফ নিট স্পিন লিমিটেডের কাভার্ড ভ্যানের চালক মালামাল নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের কাছে আসতেই আগে থেকে ওত পেতে থাকা ডাকাতরা গাড়িটির গতিরোধ করে বনের ভেতর নিয়ে যায়। ডাকাতরা চালককে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করে। একপর্যায়ে চালক-হেলপারদের জিম্মি করে কোম্পানির কাছে ৫ লাখ টাকা দাবি করে। বিকাশের মাধ্যমে তারা বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেট এলাকায় গভীর বনের ভেতর অভিযান পরিচালনা করে সাত ডাকাতকে আটক করা হয়।