অজ্ঞান পার্টির কবলে শিল্প পুলিশের কনস্টেবল

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞান পার্টির কবলে পড়া শিল্প পুলিশের কনস্টেবল মো. আনোয়ারুল আমীনকে (৩০) অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার রাংচাপড়া গ্রামের একটি মাছের খামারের পাড় থেকে তাকে উদ্ধার করা হয়। জেলার নান্দাইল উপজেলার মহেশকুড়া গ্রামের রুহুল আমীনের ছেলে আনোয়ারুল গাজীপুরে শিল্প পুলিশ-২-এ কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আনোয়ারুল ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভালুকা-গফরগাঁও সড়কপথে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে উপজেলার নিশাইগঞ্জ মোড়ে যাত্রীবেশে থাকা অজ্ঞান পার্টির এক সদস্য স্প্রে ছিটিয়ে অচেতন করে তার মোবাইল ফোনসেট ও দুই হাজার টাকা নিয়ে যায়। পরে পাশের রাংচাপড়া গ্রামে আবদুল মালেক মিয়ার মাছের খামের পাড়ে হাত-পা বেঁধে তাকে ফেলে যায়।