নড়াইলের হলদা গ্রামের ২৪৫টি পরিবার পেল বিদ্যুৎ সংযোগ

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আলোকিত হলো নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের ২৪৫টি পরিবার। গতকাল শুক্রবার থেকে ওইসব পরিবার পেয়েছে বিদ্যুতের নতুন সংযোগ। দুপুর ১২টার দিকে আলো জ¦ালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান রুনু।

উদ্বোধনী অনুষ্ঠানে নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির সভাপতিত্বে বক্তৃতা করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোহাগড়ার পরিচালক অধ্যাপক আবু আবদুল্লাহ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোহাগড়ার এজিএম মো. গোলাম রব্বানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

এ সময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোহাগড়ার কর্মকর্তারা, রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। হলদাহ গ্রামের কৃষক সাইফুর রহমান বলেন, এতদিন বিদ্যুৎ না থাকায় টিভিতে দেশ-বিদেশের খবর জানতে পারতাম না। মোবাইল ফোন চার্জ দিতে হতো অন্য গ্রামে গিয়ে। প্রচ- গরমে ফ্যান চালানোর সুযোগ ছিল না। ফ্রিজ ব্যবহার করতে পারতাম না। এখন থেকে আমরা আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারব।