ওপেনার সাইফ হাসানের সেঞ্চুরির সঙ্গে আফিফ হোসেনের অপরাজিত ফিফটি। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে এই দুইয়ের ব্যাটে লড়ার মতো পুঁজি পেলেও জয় তুলে নিয়ে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল (এইচপি)। সিরিজ নির্ধারণী আনঅফিশিয়াল ওয়ানডেতে লঙ্কান ইনিংসে ছিল বৃষ্টির বাগড়া। পরে কার্টেল ওভারের ম্যাচে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ৭ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করেছে সফরকারী দলটি।
শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। পরে লঙ্কান ইনিংসে বৃষ্টি হানা দিলে ২৮ ওভারে ১৯৯ রানের লক্ষ্য দাঁড়ায় শ্রীলঙ্কার সামনে। পাথুম নিশাঙ্কার অপরাজিত সেঞ্চুরিতে জয় তুলে নেয় দলটি।
ম্যাচসেরা নিশাঙ্কা ৭৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এ ছাড়া উইকেটরক্ষক মিনোদ ভানুকা খেলেন ৫৫ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত, রবিউল হক ও আমিনুল ইসলাম।
এর আগে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ওপেনার মোহাম্মদ নাঈম (৬) ফিরেছিলেন দ্রুত। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে সেই ধাক্কা সামলান সাইফ হাসান। শান্ত ৩৯ রান করে ফিরলেও সাইফ তুলে নেন সেঞ্চুরি। ১৩০ বলে ৪ চার ও ৭ ছক্কায় ১১১ রান করেন সাইফ।
আফিফ অপরাজিত ৬৮ রানের ইনিংসটি খেলেন ৭০ বলে। তার ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন কালানা পেরেরা।
সিরিজের প্রথম ম্যাচে ১৮৬ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে বাঁচিয়ে রেখেছিল সিরিজ জয়ের আশা।
দুই দল দুটি আনঅফিশিয়াল টেস্ট ম্যাচও খেলবে। যার প্রথমটি খুলনাতেই শুরু হবে আগামী মঙ্গলবার।