ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জারিফ নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘণ্টা পরেই শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম।
তিনি জানান, শিশুটি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের একটি ক্লিনিকে দুই দিন চিকিৎসাধীন ছিল। শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে আধা ঘণ্টা পরেই শিশুটি মারা যায়।
এর আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ ডেঙ্গু রোগী মারা যান। সর্বশেষ ১৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে মারা যান নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা সেলিম (৩০)। গত ১১ আগস্ট সকালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ (২০) মারা যান। এছাড়া ১৮ আগস্ট রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান রাসেল (৩৫) ও আনোয়ার (৪৬) নামের দুই জন।