দুই পক্ষের সংঘর্ষ, আ. লীগ নেতা নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রুপের সাথে তারাব আলী গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষে ১জন নিহত ও ৯জন আহত হয়েছে। এতে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

আহত ওসমান আলী (৫৫) বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। নিহত ওসমান হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি। গ্রেপ্তারকৃতরা হল, তারাব আলী (৬০) ও এরশাদ আলী (৩৫)। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রুপের সাথে তারাব আলী গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে হামলা সংঘর্ষেও ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠি, ফালা, হলঙ্গা, হাসুয়া, রামদা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষর উপর ঝাঁপিয়ে পরে। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টা ব্যাপী ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ১ জন নিহত ও ৯জন আহত হয়। আহতরা হল- ইউপি চেয়ারম্যান মজিদ গ্রুপের শামছুল আলম(৫২), রহিমা বেগম(৫৫), শরিফ(২৫), সাইদুল (২৫)। এর মধ্যে শামসুল আলমের অবস্থা আশঙ্কাজনক।

অপরদিকে তারাব আলী গ্রুপের আহতরা হল, হোসেন আলী(৪৫), পালো আলী (২৫), গোলজার সরকার(৪৫), কালু(২২),রমজান আলী(২২)। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও শাহজাদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে তারাব আলী গ্রুপের লোকজন এলাকায় আধিপত্য বিস্তার করে ত্রাস সৃষ্টি করে। এতে আমি বাধা দেওয়ায় তারা এদিন সকালে আমার লোকজনের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  এছাড়া ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।