সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে গতকাল শনিবার সংঘর্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ওসমান আলী (৫৫)। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। সংঘর্ষে আহত ওসমানকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন তারাব আলী (৬০) ও এরশাদ আলী (৩৫)।
সংঘর্ষে আহতরা হলেন ইউপি চেয়ারম্যান মজিদ পক্ষের শামছুল আলম (৫২), রহিমা বেগম (৫৫), শরিফ (২৫), সাইদুল (২৫)। তারাব আলী পক্ষের আহতরা হলেন হোসেন আলী (৪৫), পালো আলী (২৫), গোলজার সরকার (৪৫), কালু (২২), রমজান আলী (২২)। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও শাহজাদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ববিরোধের জেরে শনিবার সকালে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মজিদ পক্ষের সঙ্গে তারাব আলী পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠি, ফালা, হাঁসুয়া, রামদা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, সংঘর্ষে ওসমান আলী নামে এক ব্যক্তি মারা গেছেন। উভয় পক্ষই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।