টম ল্যাথামের দুর্দান্ত সেঞ্চুরিতে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।
প্রথম দুই দিনেই ছিল বৃষ্টির জয়জয়কার। তাই আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হতেই তৃতীয় দিন পর্যন্ত সময় লাগল। শনিবার শেষ পর্যন্ত ২৪৪ রানে থামে লঙ্কানরা। এরপর ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৯৬ রান করে দিন শেষ করেছে।
ক্যারিয়ারে দশম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া ল্যাথাম ১১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তার সঙ্গে অপরাজিত আছেন বিজে ওয়াটলিং। দুজনে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৭০ রান যোগ করেছেন। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে আর ৪৮ রান পিছিয়ে অতিথিরা। হাতে ৬ উইকেট।
এর আগে শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন ধনঞ্জয়া ডি সিলভা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১০৯ রান করেন। এদিন একাই লড়েছেন তিনি। দারুণ লড়াই করে টেস্টে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। ১৪৮ বলে ১৬ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন টিম সাউদি। ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।