আলোচনায় ড. কামাল

বঙ্গবন্ধু অসম্ভবকে সম্ভব করেছিলেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু বাঙালিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণফোরাম সভাপতি বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম, ইয়াহিয়া খানই আপনাকে সার্টিফিকেট দিয়েছেন যে, আপনি অসম্ভবকে সম্ভব করেছেন। বাঙালিকে কখনো কোনোদিন কেউ ঐক্যবদ্ধ করতে পারেনি। এই অসম্ভবকে সম্ভব করে আপনি তাদের ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করে স্বাধীনতা দিয়েছেন আমাদের।’

ড. কামাল বলেন, ‘বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো, তাকে স্মরণ করা, তাকে জাতির পিতার ভূমিকায় রাখার অর্থই হলো তিনি যে দায়িত্ব দিয়ে গেছেন তা যেন আমরা মনে রাখি, পালন করি। তার দেওয়া সেই দায়িত্বকে পবিত্র মনে করে আমরা যেন কাজ করে যাই। যারা সত্যিকার অর্থেই জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা জনগণের স্বার্থরক্ষা করছে না। তারা ব্যক্তিস্বার্থ গোছাতে কাজ করছে। এটা দেখে মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধু মেনে নেননি বলে তাকে জীবন দিতে হয়েছে। জনগণের স্বার্থ নিয়ে কোনোরকম আপস করেননি বলেই তাকে জীবন দিতে হলো।’