আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দকৃত চাল চেয়ারম্যান আত্মসাৎ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত চেয়ারম্যান উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভূইয়া।
রোববার চাল বিক্রির ৪৩ হাজার টাকা পৌর মেয়রের মাধ্যমে ইউএনও’র কাছে ফেরত দিয়েছেন অভিযুক্ত ওই চেয়ারম্যান।
জানা গেছে, সম্প্রতি পাহাড়ি ঢলে আখাউড়ার সীমান্তবর্তী তিন ইউনিয়নের প্রায় ২২ গ্রাম প্লাবিত হয়। ওইসব গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সাহায্য হিসেবে কয়েক দফা চাল বরাদ্দ করা হয়। শেষ দফায় মনিয়ন্দ ইউনিয়নের জন্য ১০ টন চাল বরাদ্দ হয়।
অভিযোগ রয়েছে ওই চাল উত্তোলন করে ওই ইউনিয়নের চাল বিতরণে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার অনুপস্থিতে কামাল চেয়ারম্যান তার পছন্দের ইউপি সদস্যদের নিয়ে পরিচিত জনের মাঝে কিছু চাল বিতরণ করেন। বিষয়টি মৌখিক ভাবে একাধিক ইউপি সদস্য চাল বিতরণে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার নিকট অভিযোগ করেন।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, কামাল চেয়ারম্যানের পাঠানো ৪৩ হাজার টাকা (রোববার) পেয়েছি। তিনি আরও বলেন, আমি এমন অভিযোগ পাওয়ার পর কামাল চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, কামাল চেয়ারম্যান এক টন চালের মূল্য বাবদ ৪৩ হাজার টাকা শুক্রবারে আমার হাতে দিয়ে যান। ওই টাকা আমি রোববার ইউএনও’র কাছে দিয়েছি।
অভিযুক্ত আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভূইয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।