প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. রাহিদুল ইসলাম প্রকাশ রাহাত কবির (২২) নামে এক গুজব রটনাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার একে খান এলাকায় অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হাসান নগর গ্রামের তছলিম মুন্সীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘রাহাত কবির’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য, বিভিন্ন ছবি-ভিডিও প্রচার এবং অন্যের পোস্ট শেয়ার করে নানা রকম গুজব রটানোর কাজে লিপ্ত ছিল। পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ওই আইডি শনাক্ত করা হয় এবং রাহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে নগরের একে খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে গুজব রটানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহিদুল ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই গুজব রটনাকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।