এডিস মশা নির্মূল অভিযানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অসহযোগিতা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল রবিবার দুপুরে গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, ‘এডিস মশা নির্মূলে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে চলমান চিরুনি অভিযানে সংশ্লিষ্ট বাড়ির তত্ত্বাবধায়ক, নিরাপত্তাকর্মী বা মালিক অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেঙ্গু প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘ডিএনসিসি এলাকায় থাকা সব বাড়ি, প্রতিষ্ঠান, খোলা জায়গা, পরিত্যক্ত ভবনসহ সব ধরনের স্থাপনা ১০ দিনব্যাপী চলমান চিরুনি অভিযানের আওতায় আসবে, কিছুই বাদ যাবে না। ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা শিগগিরই ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের (আইভিএম) পরিকল্পনা প্রকাশ করব। মশকনিধনের যন্ত্রপাতি আধুনিকীকরণ, কর্মীদের প্রশিক্ষণ প্রদান, কীটনাশক প্রয়োগের পরে মশা ও অন্যান্য কীটপতঙ্গ এবং সর্বোপরি পরিবেশের ওপর প্রভাব গবেষণা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ এ পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।’