৩ স্কুলছাত্রসহ ছয় জেলায় ৬ লাশ উদ্ধার

হবিগঞ্জের লাখাইয়ে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও বাগেরহাটে নিখোঁজ দুই স্কুলছাত্রের, মাদারীপুরের শিবচরের পদ্মা থেকে তরুণের ভাসমান, নীলফামারীর ডিমলায় পুকুরে ভাসমান স্কুলছাত্রের, গাজীপুরের কালিয়াকৈরের বন থেকে অজ্ঞাত তরুণের এবং কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

হবিগঞ্জ : সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা হারুন চৌধুরী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে। ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার তার দাফন সম্পন্ন করা হয়। লাখাই থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছেলে মামনুর রশীদকে আটকের জন্য অভিযান চলছে।

গোপালগঞ্জ : মুকসুদপুর থেকে নিখোঁজের দুদিন পর সুময়েল বালা (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিংকু মজুমদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের প্রভাষ মজুমদারের ছেলে। নিহত সুময়েল বালা মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও তালবাড়ী মিশনারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, গত শুক্রবার সুময়েল বালাকে পাখি মারার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রিংকু মজুমদার। এরপর সে আর বাড়ি ফেরেনি।

বাগেরহাট : সদরে নিখোঁজের দুদিন পর গতকাল রবিবার ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া পালপাড়া গ্রামে সড়কের পাশের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুর গলায় ধারালো কোনো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম কল্যাণ পাল (১০)। সে ওই এলাকার সাজ্জাদ কাদের আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ও কার্ত্তিকদিয়া গ্রামের পালপাড়ার কমল কৃষ্ণ পালের ছেলে। গত ২৩ আগস্ট থেকে শিশুটি নিখোঁজ ছিল।

মাদারীপুর : কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদী থেকে অজ্ঞাত এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। গত শনিবার রাতে পদ্মা সেতুর ৩১ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে দুই থেকে তিন দিন আগে হত্যার পর লাশটি কেউ পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। লাশের হাত-পা ও বুকে রশি দিয়ে বাঁধা ছিল। তার বয়স আনুমানিক ৪০।

নীলফামারী : ডিমলায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া শিশুর মরদেহ পাওয়া গেছে পুকুরে। গতকাল রবিবার দুপুরে ডিমলা সদর উপজেলার ছোটপুল সংলগ্ন আরডিআরএস পুকুর থেকে শিশু সাবেতের (৬) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাবেত শরীয়তপুর জেলার আবদুস সালামের ছেলে। সে ডিমলা পচারহাট এলাকায় নানা হামিদুল হকের বাড়িতে থাকত এবং পচারহাট ব্যাঙ্গের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

উখিয়া (কক্সবাজার) : রূপপতি ব্রিজের পাশে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রূপপতি ব্রিজের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। উখিয়া থানার ওসি আবুল মনসুরের ধারণা, মৃতদেহটি টেকনাফ এলাকার কোনো রোহিঙ্গার।

গাজীপুর : কালিয়াকৈরের ভান্নারা মুরাদনগর গজারি বন থেকে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, নিহেতর ঘাড় ভাঙা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।