ভবন থেকে ইট পড়ে শ্রমিক নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী এলাকায় নির্মাণাধীন রাসেল টাওয়ার থেকে মাথায় ইট পড়ে মো. বাহাদুর (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে সাকিব জানান, সকালে রাসেল টাওয়ারের নিচে কাজ করছিলেন তার বাবা। এ সময় ভবনের ওপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাদের বাড়ি রংপুর বদরগঞ্জ উপজেলার কচুয়াপাড়া গ্রামে। তার বাবা রিকশা চালাতেন। শনিবার তিনি ঢাকায় আসেন। রিকশা না পেয়ে রবিবার ওই ভবনে কাজ করতে যান।