প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার মামলায় প্রেমিক আটক

সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ১৪ বছরের কিশোরী প্রেমিকাকে ধর্ষণ ঘটনায় মামলা হয়েছে ধর্ষণ চেষ্টার। মামলার বাদী হয়েছেন কিশোরীর বাবা।

রবিবার রাতে প্রেমিক মহসিনকে (২০) আটক করে পুলিশ।

মহসিন নয়াআটি মুক্তিনগর এলাকার পারভেজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ডেমরা ডিপিডিসি কর্মকর্তা সাহাবুদ্দিনের ছেলে। প্রেমিকা প্রতিবেশী মনিরের বাড়ির ভাড়াটিয়া। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, কিশোরীর বাবা ফেরি করে চা বিক্রি করে আর মা গার্মেন্টস কর্মী। ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতিবেশী মহসিন। দুই বছর ধরে চলছে তাদের প্রেম।

গত শনিবার বিকেলে মহসিন তার প্রেমিকার ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হলে প্রতিবেশীদের হাতে ধরা পড়ে। তখন উভয় পরিবারের সম্মতিতে বিয়ের কথা চূড়ান্ত হয়। রাত ১০ টার দিকে বিয়ে পড়াতে কাজি আসার পর মহসিনের পরিবার বিয়েতে অমত পোষণ করে। এ নিয়ে শুরু হয় হট্টগোল। দেখা দেয় উত্তেজনা।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে যায়। পরদিন প্রেমিকের অভিভাবকেরা বিয়েতে রাজি হয়ে মহসিনকে থানা থেকে ছাড়িয়ে আনে। ছাড়া পাওয়ার পর বিয়ে না করে হুমকি ধামকি দিয়ে কিশোরীর বাবা মাকে এলাকাছাড়া করার প্রচেষ্টা চালায় মহসিনের পরিবার। কিশোরীর মা বাবাকে কিছু টাকাও দিতে চায় ঘটনা ধামাচাপা দিতে।

বিষয়টি অবগতি হওয়ার পর রোববার রাত ৮ টার দিকে পুলিশ কিশোরী ও তার মা বাবাকে থানায় নিয়ে ধর্ষণ চেষ্টার মামলা রুজু করে রাতেই প্রেমিক মহসিনকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক মামলা ও মহসিনকে আটক করার সত্যতা স্বীকার করেছেন।